
সুজন আহম্মেদ :
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহে চার শতাধিক শিশু রোগী ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যার তুলনায় তিন গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হঠাৎ করেই শিশু রোগীর সংখ্যা উদ্বেগ জনকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসকরা এখন দিন রাত পরিশ্রম করতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর থেকে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে চার শতাধিক শিশু। শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দেয়ায় ওয়ার্ডের পাশাপাশি করিডোর ও বারান্দার মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে বেশির ভাগ রোগীকে। গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে মোট ৩৯৬ জন। এর মধ্যে ২১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৪ জনকে। বর্তমানে ভর্তি রয়েছে ১৪০ জন শিশু। ভর্তি হওয়া অধিকাংশ শিশুই জ্বর, সর্দি-কাশি, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত। শীতের তীব্রতা বাড়ার কারণে এ ধরনের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানান চিকিৎসকরা।
হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আসমা বেগম বলেন, “শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে। শিশুদের উষ্ণ রাখতে হবে, গরম কাপড় পরাতে হবে এবং প্রয়োজন ছাড়া বাইরে না নেয়াই ভালো। এছাড়া জ্বর-ঠান্ডা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।” তিনি আরও জানান, বাড়তি রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত শয্যা ও জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
মন্তব্য করুন