স্টাফ রিপোর্টার :
চাঁদপুর-২ (মতলব উত্তর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ও নম্বর হ্যাক হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনার পর তিনি দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি তথ্য আদান-প্রদানে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে এলাকার দলীয় নেতাকর্মীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, হঠাৎ করেই বুঝতে পারলাম আমার মোবাইল নম্বরটি হ্যাক হয়েছে। ঠিক কবে বা কখন এটি হ্যাক হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। বর্তমানে এআই-নির্ভর প্রযুক্তির যুগে মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন ধরনের অপকর্ম করা সম্ভব। যার মধ্যে ব্যক্তিগত তথ্য চুরি থেকে শুরু করে রাজনৈতিক চরিত্র হনন পর্যন্ত হতে পারে।
তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, আমার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফোনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতে পারে। এমন অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অজানা বা সন্দেহজনক বার্তা বা কল পেলে তা যাচাই করে নিতে অনুরোধ করছি। কেউ যেন এসব অপপ্রচারে বিভ্রান্ত না হন। ড. জালাল উদ্দিন জানান, বিষয়টি তিনি দলীয় উচ্চপর্যায়ে অবহিত করেছেন এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থাও গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও ভোটারদের আশ্বস্ত করেন যে, যেকোনো তথ্য বা নির্দেশনা শুধুমাত্র অফিসিয়ালভাবে নিশ্চিত বার্তার মাধ্যমেই প্রদান করা হবে। বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। চাঁদপুর-২ আসনে নির্বাচনী মাঠে ইতোমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্রার্থীর নম্বর হ্যাকের ঘটনা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই ঘটনায় স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>